গোপালগঞ্জ সদরে খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ সময় আরও ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশাল জেলা পুলিশে কর্মরত সদস্য আবদুল আলিম (৩০) ও বাগেরহাট সদরের জয়নাল আবেদিন (২২)। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ। তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী দিদার পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলিয়া নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ. নাসীর উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চট্রগ্রাম থেকে ছেড়ে আমা বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী নৈশ কোচ চন্দ্রদিঘরিয়া এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পার্শবর্তী গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পাশের সামের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাছটি ভেঙ্গে যায়। ঘটনাস্থলে এক পুলিশ সদস্যসহ ৪ জন নিহত হন।এ ঘটনায় আহত হয় আরো ১০ জন। হতাহতরা সবাই বাসের যাত্রী।
