ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি জলমহাল নিয়মতান্ত্রিকভাবে ইজারা নেওয়ার পরও বারোবাজার ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আব্দুর রশিদ তিন বছর ধরে জোর করে ভোগদখল করছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মথনপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও লিজগ্রহীতা রাসেল রানা।
সংবাদ সম্মেলনে রাসেল রানা বলেন, সকল নিয়ম মেনে প্রায় ১০০ বিঘা সাঁকো বাওড় জলমহাল ছয় বছরের জন্য ২০১৯ সালে লিজ নিয়েছে মথনপুর মৎস্যজীবী সমবায় সমিতি। অথচ গত তিন বছর ধরে প্রাণনাশের হুমকি দিয়ে প্রভাবশালী চক্রের পৃষ্ঠপোষকতায় জলমহাল অবৈধ ভোগদখল করছেন বারোবাজার ইউনিয়ন বিএনপিসহ সভাপতি আবদুর রশিদ।
বৈধভাবে ইজারা নেয়া জলমহাল ব্যবহার করতে না পেরে মানবেতর দিন যাপন করতে হচ্ছে সমিতির সদস্যদের। এর মধ্যে প্রতিবাদ করায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ও স্থানীয় সংসদ সদস্যের কাছে গিয়েও কোনো প্রতিকার মেলেনি। জলমহালটি মথনপুর মৎস্যজীবী সমবায় সমিতির কাছে ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশের কাছে সহযোগিতার অনুরোধ করছি। বিষয়টি পুলিশের আইজি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
