ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে এক সামরিক অভিযানের সময় সেনা সদস্যদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, উত্তর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযান পরিচালনা করা হয়। এখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে স্থানীয় বন্দুকধারী বাসিন্দাদের দফায় দফায় সংঘর্ষ ঘটে। শিবিরটি ফিলিস্তিনি জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং ইসরায়েলি সেনাবাহিনী সেখানে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানায়, ইসরায়েলি সেনারা শনিবার ভোরে ক্যাম্পে প্রবেশ করে এবং একটি বাড়ি ঘেরাও করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গুলি বিনিময়ের আওয়াজ শোনা যায়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন এখন গুরুতর অবস্থায় আছেন।
সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহত দুইজনই ১৭ বছর বয়সী কিশোর ছিলেন।
