পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ছাত্রলীগের তিন নেতা-কর্মী নিহত হয়েছেন। শনিবার (৯ অক্টোবর) রাতে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদীর মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যানাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন (২৪), একই ইউনিয়নের দেবোত্তর গ্রামের ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন ইসলাম আরিফুল (২৬) ও রানীনগর গ্রামের বাসিন্দা ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ইসতিয়াক আহমেদ (২৫)।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান জানান, মোটরসাইকেলযোগে তিনজন পাবনা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে ঈশ্বরদীর মুন্নার মোড়ে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইশতিয়াক আহমেদ মারা যান। সালাউদ্দিনকে রামেক হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আর আরেফিন ইসলাম রাত ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যানাল জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে মৌসুমী পরিবহনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
