'নিজের স্কিলের ওপর বিশ্বাস ছিল'

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ২১:০১

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ায় সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিলো নাজমুল হাসান শান্তকে নিয়ে। আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের একটিতেও জায়গা পাননি সেরা একাদশে। তবে, ত্রিদেশীয় সিরিজের নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ সাব্বিরকে হটিয়ে খেলানো হয় বিশেষজ্ঞ ওপেনার নাজমুল শান্তকে।

দীর্ঘদিন পর একাদশে সুযোগ পেয়ে ২৯ বলে ৩৩ রান করে দেখিয়েছেন নিজের সামর্থ্য। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, 'আমি আমার স্কিলের ওপর সবসময় বিশ্বাস করি। একটা খারাপ সময় গেছে। চেষ্টা করবো সামনে সুযোগ আসলে ধারাবাহিকতা ধরে রাখার। আমি যখনই দলে সুযোগ পেয়েছি, তখন থেকেই কোচের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে, সবার সঙ্গেই কথা হয়েছে। আমি যদি সুযোগ পাই উপরেই ব্যাটিং করবো এটা অনেক আগে থেকেই জানি। যখন আমি অনুশীলন করেছি নতুন বলের প্রস্তুতিই নিয়েছি।'

ইনিংস বড় করতে না পারায় নিজের ওপর পুরোপুরি সন্তষ্ট হতে পারছেন না তিনি। প্রত্যশার চাপ নিয়ে দীর্ঘদিন পর মাঠে নামলেও চাপ অনুভব করেননি শান্ত। তিনি আরও বলেন, 'আমরা ভালো শুরু করেছিলাম। আমরা যদি একটা জুটি গড়তে পারতাম তাহলে ব্যাটিংটা আরও ভালো উপভোগ করতে পারতাম এবং আমাদের দলের জন্যও ভালো হতো। সত্যি কথা বলতে ওইরকম চাপে ছিলাম না। কোচিং প্যানেল থেকে, ম্যানেজমেন্ট থেকে, নির্বাচক প্যানেল থেকে সবসময় সমর্থন ছিল। সবাই পাশে ছিল।'  

ইত্তেফাক/জেডএইচ