সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম কমার সঙ্গে সঙ্গে ওপেক কায়দা করে তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করছে। খাদ্য-জ্বালানি নিরাপত্তা মোকাবিলা করা তুলনামূলক দুর্বল অর্থনীতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন এই অর্থনীতিবিদ। মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। এই অবস্থায় বাংলাদেশের জন্য ২০২৩-২৪ সাল জটিল হবে।
ড. দেবপ্রিয় গত রবিবার মেলান্দহের মুক্তিসংগ্রাম জাদুঘর আয়োজিত মাহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রত্যেক রাষ্ট্রই তার মতো করে অর্থনীতি মন্দায় সমস্যার সমাধানে মোকাবিলা করছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমদানি নিয়ন্ত্রণে যে পদ্ধতি অবলম্বন করেছে, তা সঠিকভাবেই নিয়েছে। এই আমদানি নিয়ন্ত্রণ অব্যাহতসহ রপ্তানি পতনও রোধের ওপর গুরুত্বারোপ করেন। গত বছরের চেয়ে এ বছর দ্বিগুণ জনশক্তি রপ্তানির ওপর জোর দিয়ে বলেন, রেমিটেন্স আমাদের আশান্বিত করেছে। নতুন করে বিদেশি বিনিয়োগ এবং সাহায্য কিছুটা স্বস্তি আনতে পারে।
মুক্তিসংগ্রাম জাদুঘর ও গান্ধী আশ্রমের ট্রাস্টি নুরজাহান বেগমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান আলোচক ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ এইচ এম মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি জামালপুর শাখার সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, নোয়াখালী গান্ধী আশ্রমের পরিচালক ও সিইও রাহা নব কুমার, মেলান্দহ মুক্তিসংগ্রাম জাদুঘরের ট্রাস্টি-প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, হিল্লোল সরকার প্রমুখ।
