রোনালদোর অনন্য মাইলফক

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০১:৩৩

প্রিমিয়ার লিগে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এবার আট ম্যাচ পেরিয়ে গেলেও লিগে গোলের জন্য হাপিত্যেশ করতে হয় তাকে। অথচ ভূরিভূরি গোল করা তার কাছে সময়ের ব্যাপার ছিল মাত্র। অবশেষে রোনালদো গোল পেলেন। আর সেই গোলে সৃষ্টি হলো অনন্য এক ইতিহাস। ক্লাব ক্যারিয়ারে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে সেই ম্যাচে ২-১ গোলের জয় পায় ইউনাইটেড। রোনালদো মাঠে নামেন ২৯ মিনিটে। অ্যান্থনি মার্শিয়াল ইনজুরিতে না পড়লে হয়তো তাকে শেষ দিকেই নামাতেন কোচ এরিক টেন হ্যাগ। ৪৪ মিনিটে লিগে চলতি মৌসুমে নিজের খাতা খুলেন রোনালদো। কাসেমিরোর বানিয়ে দেওয়া বল বা পায়ের দুরন্ত শটে এভারটন গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

ক্লাব ও আন্তর্জাতিক দুটো ক্ষেত্রেই  সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন রোনালদো। প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। তাই তো টেন হ্যাগ আরো গোল পাওয়ার আশায় রয়েছেন, ‘৭০০ গোল করতে পারাটা অনেক বড় ব্যাপার। তার জন্য আমি খুবই খুশি, অভিনন্দনও জানিয়েছি। এই গোলের জন্য ওকে বেশ অপেক্ষা করতে হয়েছে। তবে আমি নিশ্চিত, আরো গোল আসবে ওর।’

মৌসুমটা বাজে যাচ্ছে রোনালদোর। তবে টেন হ্যাগের বিশ্বাস , পারফরম্যান্সে ধারাবাহিকতা আনবেন ৩৭ বছর বয়সি,  ‘গোল স্কোরারদের সঙ্গে কাজ করেছি আমি, প্রতি মৌসুমেই তাদের গোল প্রয়োজন, মানিয়ে নেওয়ার অনুভূতির কারণে। কিছু গোল পেয়ে গেলেই তারা সুরটা ধরে ফেলে, এরপর খেলা সহজ হয়ে যায়। ওর ক্ষেত্রেও এমনটিই হবে।’

ক্লাব ফুটবলে রোনালদো শুরুটা করেছেন স্পোর্টিং লিসবনের হয়ে। ২০০৩ সালে তাকে ম্যানচেস্টার ইউনাইটেডে নিয়ে আসেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ছয় বছর পর ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। আট বছরের লম্বা সময় কাটিয়ে ২০১৮ সালে পাড়ি জমান জুভান্তাসে। তিন মৌসুম কাটিয়ে আবারও ইউনাইটে প্রত্যাবর্তন করেন এই ফরোয়ার্ড। 

সবচেয়ে বেশি ৪৫০ গোল করেছেন রিয়ালের হয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৪, জুভেন্তাসের হয়ে ১০১ ও স্পোর্টিং লিসবনের জার্সি গায়ে ৫টি গোল করেন তিনি। গোলগুলো গোনাটাও কঠিন কাজ—তেমনটাই জানালেন তার সতীর্থ ব্রুনো ফের্নান্দেজ, ‘রোনালদোর গোল গুনতে থাকা এখনো কঠিন। কারণ প্রায় প্রতি সপ্তাহেই মনে হয় সে নতুন কোনো রেকর্ড গড়েছে। আমি সত্যিই খুশি, কারণ এই গোলটির জন্য সে অনেক পরিশ্রম করছিল। আজকে সে গোলটি পেয়েছে এবং দল জিতেছে। এটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে, দল জিতেছে।’

ক্লাবের হয়ে গোলের তালিকায় ৬৯১ গোল নিয়ে রোনালদোর পরেই আছেন লিওনেল মেসি। ৭০০ গোলের ক্লাবে চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে যোগ দিতে নিশ্চয়ই মুখিয়ে আছেন তিনি।

ইত্তেফাক/ইআ