রাজধানীর নটরডেম কলেজে বিজনেস ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। 'Opportunities don't happen unless you creates them' শ্লোগানকে সামনে রেখে গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর 'দারাজ বাংলাদেশ প্রেজেন্টস বিজনেস ফেস্ট সিজন-৭' আয়োজন করে নটরডেম বিজনেস ক্লাব।
এবারের আয়োজনটি ছিল বিজনেস ফেস্টের সপ্তম আসর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর সাদমান সাদিক, রিলায়েন্স গ্রুপ অব কোম্পানিজের ভাইস-চেয়ারম্যান আইয়ুব আলী ফরায়েজি, নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউজ রোজারিও সিএসি, ক্লাব মডারেটর ফারজানা হোসেন সহ আরও অনেকে।
পরে মূল আয়োজন শুরু হয়। ১১টি ইভেন্টে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। নটরডেম কলেজ ক্যাম্পাসও উন্মুক্ত ছিল দর্শনার্থীদের জন্য।
নটরডেম বিজনেস ক্লাবের সভাপতি অর্পণ সাহা জানান, প্রায় আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে। নটরডেম কলেজ ছাড়াও হলিক্রস কলেজ, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেস্টে আসেন।
বিভিন্ন ইভেন্টের মধ্যে অলিম্পিয়াড, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ওয়াল ম্যাগাজিন, এক্সটেম্পো স্পিচ বাদেও ছিল 'সেল ইট টু মি বিজনেস ডিবেট'-এর মত কিছু ভিন্নধর্মী সেগমেন্ট। গিগাবাইট-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিএফবি ভ্যালোরেন্ট টুর্নামেন্ট সিজন-১।
অংশগ্রহণকারীরা জানান, বাংলাদেশে বিজনেস ফেস্ট ঘরানার আয়োজনগুলো এতোটা আড়ম্বরপূর্ণ হয় না। এ ক্ষেত্রে নটরডেমের আয়োজন ব্যতিক্রম।
দ্বিতীয় দিনে ফেস্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। পরে সমাপনী আয়োজনে উপস্থিত ছিলেন দারাজ আলিবাবা ইনকরপরেট-এর চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আরিফুল ইসলাম, নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউজ রোজারিও সিএসসি প্রমুখ।
