মাদারীপুরের শিবচর থানা কম্পাউন্ডের মধ্যে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এ ম্যুরাল উদ্বোধন করেন।
প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন শেষে হাবিবুর রহমান বলেন, ‘যুগোপযোগী পুলিশ বাহিনী গড়ে তুলতে জাতির পিতার মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচেষ্ট ভূমিকা পালন করছেন। ৭১ এর স্বাধীনতার পূর্বে বাংলাদেশ ছিল বৃটিশ শাসনামল ও পাকিস্তান শাসনামল। তখন দেশের পুলিশ বাহিনীকে পেটোয়াবাহিনী হিসেবে ব্যাবহার করেছে তৎকালীন শাসকরা। বর্তমানে সেই প্রেক্ষাপট থেকে ঘুরে পুলিশ বাহিনী আধুনিক হয়েছে।’
তিনি আরও বলেন, দেশের প্রতিটি থানায় বিট পুলিশিং সেবা কার্যক্রম চালু করার মধ্য দিয়ে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। পুলিশি সেবা জনগণের দোড়গরায় পৌঁছে দিতে ইউনিয়নে ইউনিয়নে বিট পুলিশিং সেবার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। পাশাপাশি থানায় এসে সাধারণ মানুষ সেবা পাচ্ছে কিনা সষয়ও আমরা নিয়মিত মনিটরিং করে যাচ্ছি।
এসময় পরিদর্শন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুর্যাল উদ্বোধন অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন ও মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম ডিআইজি হাবিবুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন-শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল হক, ফরিদপুরের পুলিশ সুপার মো. শাজাহান, ফরিদপুর হাইওয়ের পুলিশ সুপার মো. মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এএনএম ওয়াসিম ফিরোজ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান, মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী, মাদারীপুর জেলা পুলিশ ও শিবচর থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মুর্যালটি স্থাপনায় পরিকল্পনা ও বাস্তবায়ন করেন শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন।
