আসন্ন কাতার বিশ্বকাপে বিশ্বের প্রায় সব শীর্ষ ক্লাব তাদের নিজ নিজ খেলোয়াড়দের ছেড়ে দিচ্ছে। আর সে কারণেই ক্লাবগুলোকে ২০৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ফিফা নিজেদের এক বিবৃতিতে ক্লাবগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপের সময়ও ক্লাবগুলোকে একই পরিমান ক্ষতিপূরণ দিয়েছিল ফিফা।
টুর্নামেন্ট চলাকালীন জাতীয় দলে খেলা ক্লাবগুলোর প্রতিটি খেলোয়াড়দের জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার ডলার করে দেওয়া হবে। এর মধ্যে অন্তর্ভূক্ত করা হয়েছে প্রস্তুতির সময়ও।
ফিফার দেওয়া এই ক্ষতিপূরণ সেই ক্লাবগুলোই পাবে যাদের খেলোয়াড়রা বিশ্বকাপের অন্তত দুই বছর আগে থেকেই জাতীয় দলে খেলছে।
শক্তিশালী ইউরোপীয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে ফিফা খেলোয়াড় প্রতি ক্লাবগুলোকে এই ক্ষতিপূরণ দিয়ে আসছে।
