ইয়াবা দিয়ে দুলাভাইকে ফাঁসানোর অভিযোগ, শ্যালক গ্রেফতার

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৭:০৩

রাজধানীর উত্তরায় ইয়াবা দিয়ে দুলাভাইকে ফাঁসানোর অভিযোগে মো. রনি (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের জনপথ রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ফাঁসানোর জন্য ব্যবহৃত ৯০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার ওসি মো. মোহসিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতার রনি গাজীপুরের শিবচর থানার মো. লাল মিয়া হাওলাদারের ছেলে। তার দুলাভাইয়ের নাম মো. আব্দুল কাদের। 

অভিযুক্ত রনি বলেন, ‘দুলাভাই আব্দুল কাদেরকে ফাঁসাতে মোটরসাইকেলের সিটের নিচে ইয়াবা লুকিয়ে রাখি এবং সোর্স পরিচয়ে পুলিশকে ফোন দিই। আমার বোনের সঙ্গে দুলাভাইয়ের পারিবারিক সমস্যা চলছে। তাই দুলাভাইকে শিক্ষা দিতে এই পরিকল্পনা করি।’

উত্তরা পশ্চিম থানার ওসি মো. মোহসিন বলেন, ‘রনির দেওয়া তথ্য অনুযায়ী মোটরসাইকেলের সিটের নিচে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু কাদের এসব ইয়াবা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। এ ঘটনায় অভিযুক্ত রনিকে গ্রেফতার করা হয়েছে।’

 

ইত্তেফাক/এএএম