মুন্সীগঞ্জের গজারিয়ায় মাকে বাঁচাতে চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়া নিখোঁজ নাইম ইসলামের (২১) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার হোসেন্দি এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে গজারিয়া নৌ-পুলিশ।
নাইম শরিয়তপুরের সুখীপুর থানার আক্তার হোসেনের ছেলে। এর আগে গত সোমবার দুপুর ১২টার দিকে গজারিয়ায় মেঘনা নদীতে চলন্ত লঞ্চ থেকে মা-ছেলে নদীতে ঝাঁপ দেন।
মায়ের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে শরিয়তপুর থেকে এম বাইজিদ জুনাইদ-১ লঞ্চ মুন্সীগঞ্জের চর কিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে জামিরুন বেগম ও ছেলে নাঈম হোসেনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জামিরুন রাগ করে লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পাড়েন। এ সময় মাকে বাঁচাতে ছেলে নাইমও নদীতে লাফিয়ে পড়েন। পরে মা জীবিত অবস্থায় তীরে আসতে পারলেও ছেলে সাঁতার না জানায় তলিয়ে যান।
গজারিয়া নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ মো. ইজাজ বলেন, ‘দুপুরে নদীতে এক যুবকে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মাকে বাঁচাতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ, ছেলে নিখোঁজ