হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে দিলেন পুলিশ 

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১০:২৭

তিন মাস আগে ছেলের বাড়ি থেকে হারিয়ে যাওয়া অসুস্থ বাবা আব্দুর রশিদকে (৬৫) ফিরে পেলেন ছেলে শাহীন। শাহীন গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তল্লাপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন পরে বাবাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা ছেলে ও স্বজনরা। 

বুধবার (১২ অক্টোবর) বিকালে দিনাজপুর নবাবগঞ্জ থানা পুলিশ ছেলের হাতে তুলে দেন তার হারিয়ে যাওয়া বাবাকে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।   

উপজেলার বিনোদনগর ইউনিয়নের ভোটারপাড়া গ্রামের হানিফ দুলু বলেন, গত ৯ অক্টোবর বিকালে আব্দুর রশিদকে ভোটারপাড়া গ্রামে রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। উদ্ধার করে নাম ঠিকানা জানার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে থানায় সংবাদ দেন। 

নবাবগঞ্জ থানার এসআই বিভুতিভূষণ ব্রতি জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে ঐ ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তি অসুস্থতার কারণে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ফলে নাম-ঠিকানা বলতে পারছিলেন না। নাম-ঠিকানা উদ্ধার করা সম্ভব না হলে তার আঙুলের ছাপ ব্যবহার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঠিকানা উদ্ধার করা হয়। তারপর স্বজনদের সংবাদ দেওয়া হয়। 

আব্দুর রশিদের ছেলে শাহীন বলেন, তার বাবা গত ১৫ জুলাই বাড়ি থেকে হারিয়ে যায় যান। অনেক চেষ্টা করেও বাবাকে খুঁজে পেতে ব্যর্থ হন তিনি ও তার পরিবার। এক পর্যায়ে বাবাকে খুঁজে পাওয়ার আশা ছেড়েই দেন তারা। হঠাৎ ১২ অক্টোবর পুলিশের কাছ থেকে মোবাইল ফোনে সংবাদ পান তার বাবাকে খুঁজে পাওয়া গেছে। সংবাদ পেয়ে স্বজনদের নিয়ে থানায় আসেন এবং পুলিশের কাছ থেকে তার বাবাকে গ্রহণ করেন। তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে দেওয়ার জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, উদ্ধার হওয়া ব্যক্তির ছেলে শাহীনসহ কাছের আত্মীয়রা থানায় এসে উদ্ধার করা ব্যক্তির পরিচয় নিশ্চিত করায় ঐ ব্যক্তিতে স্বজনদের উপস্থিতিতে তার ছেলে শাহীনের হাতে তুলে দেওয়া হয়েছে। 

ইত্তেফাক/পিও