পাকিস্তানের উদ্বোধনী জুটিতে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান মিলে যেন উইকেটে শিকড় গেড়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। ১০ ওভার পেরিয়ে গেলেও সেই জুটি ভাঙ্গতে পারেননি বাংলাদেশের কোনো বোলার। শেষ পর্যন্ত দুই ওপেনারের শতরানের জুটি ভেঙ্গেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। শুধু জুটিই ভাঙ্গেননি, একই ওভারে জোড়া আঘাতে পাকিস্তানকে ভালোই ধাক্কা দিয়েছেন হাসান মাহমুদ।
দুই দলের কাছেই আজকের ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে বাংলাদেশ।
১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালোই জবাব দিচ্ছিলেন পাকিস্তানের দুই ওপেনার বাবর আর রিজওয়ান। ১২ ওভারে বিনা উইকেটেই দুজন মিলে স্কোরবোর্ডে তুলে ফেলেন ১০০ রান। অপ্রতিরোধ্যভাবেই পাকিস্তানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এই দুই ব্যাটার।
ইনিংসের ১২তম ওভারে ৩৭ বলে নিজের ফিফটিও তুলে নেন পাক অধিনায়ক বাবর আজম। ওই ওভার শেষে ৩৫ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন রিজওয়ানও। আগের ওভারেই অবশ্য ফাইন লেগে রিজওয়ানের ক্যাচ ছাড়েন সাইফউদ্দিন।
উদ্বোধনী জুটিতে পাকিস্তানই যখনই ছুটছে তখনই দৃশ্যপটে হাসান মাহমুদ। তরুণ এই টাইগার পেসার ইনিংসের ১৩তম ওভারে বল করতে এসে তৃতীয় বলেই ফেরান বাবর আজমকে। আগের ওভারেই ফিফটি তুলে নেওয়া বাবরকে বিপদজনক হয়ে ওঠার পথেই ক্যাচ দেওয়ান মোসাদ্দেকের হাতে। ৪০ বলে ৯ চারে ৫৫ রান করে ফিরে যান বাবর।
বাবরকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেওয়ার এক বল পরেই আবারও বাংলাদেশকে উল্লাসে মাতান হাসান মাহমুদ। তিন নম্বরে উইকেটে আসা হায়দার আলীকে প্রথম বলটি ডট দেন হাসান। পরের বলেই তাকে সরাসরি বোল্ড করে প্যাভিলিয়নে পথ দেখান হাসান মাহমুদ।
বিনা উইকেটেই ১০০ রান পার করা পাকিস্তান মুহুর্তের মধ্যে জোড়া ধাক্কায় হারিয়ে ১৩ ওভার শেষে পরিণত হয় ২ উইকেটে ১০২ রানে। দুই উইকেট হারালেও তখনও অবশ্য ৩৬ বলে ৪৩ রান নিয়ে বাংলাদেশের জন্য মাথাব্যাথার কারেণ হয়েই ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান।
এর আগে ক্রাইটচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা অবশ্য একেবারেই ভালো হয়নি বাংলাদেশের।শুরুতেই দুই ওপেনার হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশকে আবারও ট্র্যাকে ফেরান অধিনায়ক সাকিব আল হাসান আর লিটন দাস মিলে।
নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক তুলে নিয়ে লিটন ফিরে যাওয়ার পর ফিফটি তুলে নেন সাকিব আল হাসানও। গত ম্যাচেই নিউজিল্যান্ডের সঙ্গে ঝড়ো ফিফটির পর আজ পাকিস্তানের বিপক্ষেও স্ট্রোক প্লে'র পসরা সাজিয়েই টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১২তম ফিফটি পেয়েছেন টাইগার অধিনায়ক।
দুই ব্যাটারের ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে ১৭৩ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ক্রাইস্টচার্চে নিয়ম রক্ষার ম্যাচে ব্যাটিংয়ে নেমে ধ্বস নামার পুরোনো জুজু ভর করলেও এবার অবশ্য আর তা নামতে দেননি লিটন দাস আর সাকিব আল হাসান।
দুই ফিফটিতেই নির্ধারিত ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৭৩ রান তোলে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে নাসিম শাহ আর মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন দুইটি করে উইকেট।
