এবার চালু হচ্ছে প্রবীণদের ডে-কেয়ার সেন্টার

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০২:০৭

আগামী শনিবার বারডেম জেনারেল হাসপাতালের নিচতলার ১৯০ নম্বর কক্ষে চালু হতে যাচ্ছে প্রবীণদের জন্য দেশের প্রথম ‘জেরিয়াট্রিক ডে কেয়ার সেন্টার’। সেন্টার উদ্বোধন করবেন বারডেমের বোর্ড অব অ্যাডভাইজর্সের সভাপতি ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহসভাপতি আবদুল মুয়ীদ চৌধুরী।

অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক এমকেআই কাইয়ুম চৌধুরী ছাড়াও সমিতি ও বারডেমের সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের রোগপ্রতিরোধক্ষমতা কমে এবং শরীরে নানা রোগ-ব্যাধি বাসা বাঁধে। দেশে নারী, শিশু ও অন্যান্য বিশেয়ায়িত হাসপাতাল থাকলেও বয়স্ক মানুষের জন্য তেমন কোনো বিশেষায়িত হাসপাতাল নেই। প্রবীণ জনগোষ্ঠীর ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যার বিষয়টি উপলব্ধি করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অঙ্গ প্রতিষ্ঠান বারডেম এই ‘জেরিয়াট্রিক ডে কেয়ার সেন্টার’টি চালু করতে যাচ্ছে। প্রবীণদের যথাযথ চিকিত্সা দিতে এই কেন্দ্রে থাকবেন বিশেষজ্ঞ চিকিত্সক ও সেবিকা।

ইত্তেফাক/জেডএইচডি