বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৫ পেলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শরাবদী গ্রামের কৃষক শফিকুল ইসলাম। পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণে উদ্বুদ্ধ করে পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতি স্বরূপ ব্রোঞ্চ পদকে ভূষিত হন তিনি। বুধবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের হাত থেকে তিনি এই পদক গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকী। তিনি বলেন, শফিকুল ইসলাম নিরাপদ সবজি উৎপাদন করে সাবলম্বী হওয়ার ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত করেছেন। তিনি কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার না করে ভার্মিকম্পোষ্ট ও ট্রাইকো কম্পোষ্ট উৎপাদন করে ব্যবহার করেছেন। তিনি এক দশমিক ২১ হেক্টর জমিতে ২০১৯ সালে টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ, বেগুন, স্কোয়াশ, চিচিঙ্গা, ধুন্দল উৎপাদন করে প্রায় সাত লাখ টাকা আয় করেন। এছাড়া আম পেঁপে, পেয়ারা, জাম্বুরা, কলা ও বেল উৎপাদন করে পাঁচ লাখ টাকা আয় করেছেন। তিনি নিরাপদ সবজি উৎপাদনে অন্যদের অনুপ্রেরণা যোগাচ্ছেন।
কৃষক শফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রাপ্তি আমার কাজের ও দায়িত্ববোধকে বাড়িয়ে দিয়েছে। আমার দেখাদেখি অন্যান্য কৃষকরা পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণে উদ্বুদ্ধ হচ্ছেন।
