২টি পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৮:১২

উত্তর কোরিয়া দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের দুইটি পরীক্ষা চালিয়েছে। কিম জং উন এই সফল পরীক্ষার প্রশংসা করেছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানায়, বুধবার (১২ অক্টোবর) এই পরীক্ষাটির লক্ষ্য ছিল কৌশলগত পরমাণু অস্ত্র পরিচালনার জন্য কোরিয়ান পিপলস আর্মিতে মোতায়েন করা ক্রুজ ক্ষেপণাস্ত্রের 'যুদ্ধের দক্ষতা এবং শক্তি বৃদ্ধি করা'।

পিয়ংইয়ং পাঁচ বছরের মধ্যে প্রথম পারমাণবিক পরীক্ষা চালাতে পারে
এ সব অস্ত্র উৎক্ষেপণের কারণে বিভক্ত কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, পিয়ংইয়ং পাঁচ বছরের মধ্যে প্রথম পারমাণবিক পরীক্ষা চালাতে পারে।

কেসিএনএ বলছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রের উপর দিয়ে দুই হাজার কিলোমিটার (এক হাজার ২৪০ মাইল) পার করে। ক্ষেপণাস্ত্রগুলো অনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলা জানা গেছে।

কিম জানান, পরীক্ষাটি 'শত্রুদের' জন্য আরেকটি স্পষ্ট সতর্কবার্তা। যে কোনো সময় যেকোনো গুরুত্বপূর্ণ সামরিক সঙ্কট ও যুদ্ধ সংকটকে দৃঢ়ভাবে প্রতিহত করতে পারমাণবিক কৌশলগত সশস্ত্র বাহিনীর অপারেশনাল ক্ষেত্র সম্প্রসারণ চালিয়ে যেতে হবে। এর জন্য সম্পূর্ণভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান কিম।

ইত্তেফাক/ডিএস/এসসি