খেরসন থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহবান রাশিয়ার

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৯:৫৭

সম্প্রতি ইউক্রেনীয় সেনারা রাশিয়ার দখল করা ইউক্রেনের খেরসন অঞ্চল পুনরুদ্ধার করতে প্রচণ্ড হামলা চালাচ্ছে। প্রতিদিনই হচ্ছে রকেট হামলা। এমন পরিস্থিতিতে খেরসন থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে আহ্বান জানিয়েছেন অঞ্চলটিতে মস্কোর নিয়োগ করা নেতা ভ্লাদিমির সালদো। সূত্র  বিবিসি।

বিবিসি জানায়, ভ্লাদিমির সালদো বৃহস্পতিবার (১৩ অক্টোবর) খেরসনের বাসিন্দাদের ‘নিজেদের রক্ষায়’ রাশিয়ায় গিয়ে ‘অবকাশযাপন ও পড়ালেখা’ করার আহ্বান জানান। এ কাজে মস্কোর সহায়তাও চান তিনি। পরে রাশিয়ার সরকারি টেলিভিশনে দেওয়া বক্তব্যে একই কথা বলেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন।

তিনি জানান, খেরসনসহ দেশের অন্য অঞ্চলগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হামলার মুখে যারা নিজ এলাকা থেকে চলে যাবে, তাদের থাকার জায়গাসহ প্রয়োজনীয় সবকিছু বিনা মূল্যে সরবরাহ করবেন তারা।

ভ্লাদিমির সালদো জানান, খেরসন, নোভা কাখোভকাসহ এ অঞ্চলের অনেক শহর প্রতিদিন ইউক্রেনের রকেট হামলার শিকার হচ্ছে। এরফলে এসব শহরের অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। লোকজনকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'রাশিয়া নিজেদের জনগণকে ত্যাগ করবে না।'

তবে 'খেরসনের বাসিন্দাদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হচ্ছে' রাশিয়ার এমন দাবিকে অস্বীকার করেছে ইউক্রেন। সম্প্রতি দেশটির সেনারা খেরসনের উত্তর–পশ্চিমাঞ্চলের কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তারা এখন অঞ্চলটির রাজধানীর দিকে এগিয়ে যাচ্ছে।

ইত্তেফাক/ডিএস/এসসি