স্টেডিয়াম নির্মাণে আহত কর্মীদের জন্য ক্ষতিপুরণ তহবিল চালু

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ২১:৫৮

আর কিছু দিন পর কাতারে বসতে যাচ্ছে 'দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ' ফুটবল বিশ্বকাপ। ২০২২ ফুটবল বিশ্বকাপের দায়িত্ব পেয়ে বেশকিছু স্টেডিয়াম বানানো সহ উন্নয়নমূলক কাজ শুরু করে কাতার সরকার। আর এই কাজ করতে গিয়ে আহত হয় অনেক শ্রমিক। সেইসঙ্গে শ্রমিকদের মানবাধিকার ক্ষুন্ন করেছে বলে অভিযোগ তুলে বেশ কিছু মানবাধিকার সংস্থা। কাতারে বিশ্বকাপের অবকাঠামো নির্মাণকালে আহত অভিবাসী শ্রমিকদের জন্য একটি ক্ষতিপুরণ তহবিল চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

কাতারের শ্রমিক অধিকার বিষয়ক ইউরোপীয় একটি কাউন্সিলে ফিফার সহ-সাধারণ সম্পাদক আলাসদাইর বেল বলেন, ‘বিশ্বকাপের কাজ করার সময় যারাই চোট পেয়েছেন, সেটা দেখার চেষ্টা কারাটা গুরুত্বপূর্ণ। বিষয়টি সহজ নয়, এর জন্য চিন্তার প্রয়োজন। এরজন্য কাঠামো, নিয়ম ও অনুশাসন ইত্যাদির প্রয়োজন। এটি এমন একটি বিষয় যেটিকে এগিয়ে নিতে আমরা আগ্রহী।’

২০১০ সালে মধ্যপ্রাচ্যের রক্ষণশীল ছোট্ট দেশটি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাবার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে মানবাধিকারের বিষয়টি। চলতি বছরের শুরুতেই কাতারে ‘নিপীড়িত’ কর্মীদের জন্য ৪৪০ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠনের জন্য ফিফার প্রতি দাবী জানিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 
ঠিক ভাবে শ্রমিকদের মজুরী না দেয়া এবং কাজ করার সময় হতাহত শ্রমিকের সংখ্যা কম দেখিয়েছে বলে কাতারকে অভিযোগের মুখোমুখি করা হয়।

অবশ্য আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টে প্রচারিত অভিবাসী শ্রমিকদের হতাহতের সংখ্যার বিষয়টি অস্বীকার করে আসছে কাতার। তাদের ভাষ্য, বিশ্বকাপের আয়োজক স্বত্ত পাবার পর থেকে তারা তাদের কর্মসংস্থান বিধিতে একাধিক সংস্কার এনেছে।

সূত্র: বাসস 

ইত্তেফাক/জেডএইচ