আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইভিএমের বিপরীতে কথা বলা বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য। ইভিএমে স্বচ্ছ ভোট হবে। এ জন্য সরকার চায় শতভাগ ইভিএমে ভোট হোক। বিএনপি কোন যুক্তিতে এর বিরোধিতা করছে?
রোববার (১৬ অক্টোবর) বেলা ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তবুও তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার কারণ বুঝতে পারছি না।
তিনি বলেন, মানুষ কষ্টে আছে, এটা ঠিক। তবে একজন মানুষও না খেয়ে কষ্টে মারা যায়নি। এর মধ্যেই চলতে হবে।
তিনি আরও বলেন, দেশের রিজার্ভ নিয়ে খুব চিন্তিত নই। বর্তমানে যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলা সম্ভব। এ সংকট কাটাতেই কিছু বেগ পেতে হচ্ছে। সেজন্য সরকারের পদত্যাগ চাইতে হবে- এমন কথা নয়।
