বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় দুই প্রকৌশলী বরখাস্ত

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ২১:০৫

ঢাকাসহ দেশের অর্ধেক এলাকায় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১৬ অক্টোবর) বিকেলে পিজিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাময়িক বরখাস্ত করা কর্মকর্তারা হলেন-পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সিস্টেম প্রোটেকশন অ্যান্ড মিটারিং ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী আল্লামা হাসান বখতিয়ার এবং সহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান।

গত ৪ অক্টোবর দেশের প্রায় অর্ধেক অংশে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। গ্রিডে ‘কারিগরি ত্রুটির’ কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ২৮টি জেলায় অন্তত চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ছিল না।

গ্রিড বিপর্যয়ের ঘটনা খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগকে দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

ইত্তেফাক/এএএম