রাজশাহীতে বিদ্যুতের তারে মা ও শিশুর মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০০:৩৯

রাজশাহীর তানোরে বিদ্যুতের তার জড়িয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা বাধাইড় গ্রামের হযরত আলীর স্ত্রী মরিয়ম বেগম (৩০) ও তার শিশু ছেলে মাহাফুজ (৩)।

রোববার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাঁধাইড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারটি বাকরুদ্ধ হয়ে পড়েছে। পাড়ায় চলছে শোকের মাতম।

তানোর উপজেলার বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে মরিয়ম বেগম বাড়ির উঠোনের দিকে যাচ্ছিলেন। তিনি বাড়ির পানির পাম্পের সুইচ অন করতে গিয়ে দেখেন তার তিন বছরের শিশু মাহফুজুর বৈদ্যুতিক তারে হাত দিয়ে আছে। এ সময় মরিয়ম শিশুটিকে তাড়াহুড়ো করে কোলে তুলতে গিয়ে নিজেও তারের সাথে জড়িয়ে পড়েন দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বাড়ির লোকজন দ্রুত গিয়ে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করেন। কিন্তু তারা দেখেন ততক্ষণে মা ও ছেলে দুজনই মারা গেছেন। 

এদিকে মরিয়ম বেগমের আরও দুই সন্তান রয়েছে। এই ঘটনায় তার স্বামী ও অপর দুই সন্তান শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। ওই গ্রামেও শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। তাদের লাশ দেখতে আত্মীয়-স্বজন ও গ্রামের লোকজন সেখানে গিয়ে জড়ো হলে ওই বাড়িতে কান্নার রোল পড়ে যায়।

তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। তবে কেউ থানায় কোনো অভিযোগ করেননি।

 

ইত্তেফাক/পিও