কক্সবাজারের টেকনাফে আব্দুর রহমান (৩০) নামের এক বিকাশ এজেন্টের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার সাবরাং নয়াপাড়া নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। আব্দুর রহমান সাবরাং ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পুরানপাড়া এলাকার মৃত ইয়াছিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন ইমন বলেন, সকালে খবর পাওয়া যায় বিদ্যালয়ের মাঠে এক ব্যক্তির লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেটি বিকাশ এজেন্ট আব্দুর রহমানের। তার নাক ও মুখ থেকে রক্ত বের হচ্ছিলো। পরে খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
ওসি হাফিজুর রহমান বলেন, সকালে নয়াপাড়া নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ের মাঠের থেকে আব্দুর রহমান নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে সেটি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
