কুড়িয়ে পাওয়া স্কুলব্যাগে মিললো ১৯ লাখ টাকা

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৪:৫৩

যশোরের মনিরামপুর উপজেলার স্মরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের পেছনে কুড়িয়ে পাওয়া একটি স্কুলব্যাগে ১৯ লাখ ৬১ হাজার টাকা পাওয়া গেছে।

রোববার (১৬ অক্টোবর) সকালের দিকে স্থানীয়রা স্কুলব্যাগে টাকা দেখতে পেয়ে পুলিশকে জানায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, স্মরণপুর এলাকার গ্রাম পুলিশ রমজান আলীর ছেলে সোবহান আলী (২৮), একই গ্রামের ইউনুছ আলীর ছেলে জুবায়ের (২৬) ও ফুরকান আলীর ছেলে আজাদ (২৫)। তদন্তের স্বার্থে অন্যদের পরিচয় গোপন রেখেছে পুলিশ।

জানা যায়, আমেরিকান টোব্যাকো ঝিকরগাছা শাখা থেকে গত শনিবার রাতে কে বা কারা তালা ভেঙে ২৬ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় ওই কোম্পানির শাখা ব্যবস্থাপকসহ ৬ কর্মীকে রাতেই আটক করে ঝিকরগাছা থানার পুলিশ। পরের দিন সকালে আরও ২ জনকে আটক করা হয়।

স্মরণপুরের গ্রাম পুলিশ রমজান আলী বলেন, রোববার সকালে স্মরণপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের পেছনে একটি স্কুলব্যাগে ওই টাকাগুলো পাওয়া যায়। খবর পেয়ে ঝিকরগাছা থানা ও মনিরামপুরের খেদাপাড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৯ লাখ ৬১ হাজার টাকা পান।

তিনি আরও বলেন, আমার ছেলে সোবহান ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির ঝিকরগাছা শাখায় বিক্রয়কার্মী হিসেবে কাজ করে। ঘটনার রাতে আমার ছেলেসহ অন্যরা কাজ করে বাড়ি চলে আসার পর টোব্যাকো দপ্তরের ২৬ লাখ টাকা তালা ভেঙে কে বা কারা নিয়ে যায়। খবর পেয়ে রাতে আমার ছেলেসহ অফিসের ছয় জনকে আটক করে পুলিশ।

খেদাপাড়া ক্যাম্পের উপপরিদর্শক সৌমেন বিশ্বাস বলেন, ঘটনাটি ঝিকরগাছা থানার অন্তর্ভুক্ত। সকালে তারা এসে টাকা উদ্ধার করে নিয়ে গেছে। আমি তাদের সহযোগিতা করেছি।

ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ওয়াহেদুজ্জামান বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

ইত্তেফাক/এসকে