‘প্লিজ, শ্রীদেবীর সাথে তুলনা করবেন না’

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০২:১৫

প্লিজ কোনো অপ্রাসঙ্গিক তুলনা করে কিছু লিখবেন না। প্রত্যেকেই যার যার স্বতন্ত্র জায়গা নিয়েই বড় হয়। কেরিয়ারের শুরু থেকেই জাহ্নবী কপূরকে একের পর এক পরীক্ষা দিতে হচ্ছে। কখনও তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে তো কখনও আবার শ্রীদেবী-কন্যার নাম জড়িয়েছে স্বজনপোষণ বিতর্কে। আরও একটা বিষয় না বললেই নয়, ক্রমাগত মায়ের সঙ্গে জাহ্নবীর তুলনা টেনেছেন সমালোচকরা। এবারে তাই বাবা বনি কাপুর স্পষ্ট করে মেয়ের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন।  

জাহ্নবী কপূর

সমপ্রতি মুম্বইতে জাহ্নবীর নতুন ছবি ‘মিলি’র ট্রেলার প্রকাশ হল। মেয়েকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে হাজির ছিলেন এই ছবির অন্যতম প্রযোজক বনি কপূর। শ্রীদেবীর সঙ্গে জাহ্নবীর তুলনা নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে বনি বলেন, ‘চরিত্রের অংশ হয়ে ওঠার ব্যাপারে প্রত্যেকের নিজস্ব পদ্ধতি রয়েছে। শ্রীদেবীর নিজস্ব পদ্ধতি ছিল। জাহ্নবীও নিজের মতো করেই চরিত্রের মধ্যে প্রবেশ করে। আমার মেয়ে সবে ওর যাত্রা শুরু করেছে। তাই শ্রীদেবীর কোনও কাজের সঙ্গেই ওর কোনও রকম তুলনা করা উচিত নয়।’ 

বনি কপূর ও জাহ্নবী কপূর

এই প্রসঙ্গে বনি আরও বলেন, ‘খুব অল্প বয়সে কেরিয়ার শুরু করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রায় দেড়শো থেকে দুশো ছবি করার পর কিন্তু শ্রীদেবীকে উত্তর ভারতের দর্শকরা পেয়েছিলেন। তাই যার যার অবস্থান তৈরি করতেও তাকে সময় দেয়া প্রয়োজন। কেউই কারো তুল্য নয়।’

ইত্তেফাক/ইআ