ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১২:৫৮

ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড়। আগামী ৯ নভেম্বর দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড় শপথ নিবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আগামী ৮ নভেম্বর অবসরে যাচ্ছেন ৬৫ বছর বয়সী বর্তমান প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। ১১ অক্টোবর তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের নাম সুপারিশ করেছিলেন। সুপ্রিম কোর্টে ইউ ইউ ললিতের পর চন্দ্রচূড় অন্যতম জ্যেষ্ঠ বিচারপতি।

চন্দ্রচূড় বিচারপতি হিসেবে ২০১৬ সালের মে মাসে যোগ দেন। তার আগে তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ২০০০ সাল থেকে ২০১৩ পর্যন্ত তিনি বম্বে হাইকোর্টের বিচারপতি ছিলেন।

১৯৯৮ সাল থেকে ২০০০ পর্যন্ত তিনি কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন। ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত তিনি প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন।

ডি ওয়াই চন্দ্রচূড় দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে স্নাতক শেষে করে হার্ভাড ল স্কুল থেকে আইনে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বিচারপতি চন্দ্রচূড়ের কিছু গুরুত্বপূর্ণ রায়ের মধ্যে রয়েছে ভারতের সংবিধান, তুলনামূলক সাংবিধানিক আইন, হিউম্যান রাইটস, জেন্ডার জাস্টিস, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, ক্রিমিনাল আইন এবং কমার্শিয়াল আইন সংক্রান্ত মামলা। 

ইত্তেফাক/এআই/ডিএস