টিকে থাকার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৪:৫৮

প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে অঘটনের শিকার হওয়া শ্রীলঙ্কা আজ নিজেদের টিকে থাকার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে। আজ কোনোভাবে পা হড়কালেই বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়ার আশা শেষই হয়ে যাবে লঙ্কানদের জন্য।

জিলংয়ের কার্ডিনিয়া পার্কে বাংলাদেশ সময় দুপুর ২টায় আমিরাতের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। আগের ম্যাচে নামিবিয়ার কাছে হেরে এশিয়ার চ্যাম্পিয়নদের সুপার টুয়েলভে যাওয়াই এখন শঙ্কায় পড়ে গেছে। সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই দাসুন শানাকার দলের জন্য। 

এদিকে, নেদারল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরে একই অবস্থা সংযুক্ত আরব আমিরাতেরও। গত বিশ্বকাপের স্বাগতিকদেরও আজ জিততেই হবে সুপার টুয়েলভের আশা ধরে রাখতে। শক্তিমত্তায় লঙ্কানদের থেকে পিছিয়ে থাকলেও নামিবিয়ার মতোই চমক দেখাতে চাইবে তারাও।

নামিবিয়ার বিপক্ষে কার্ডিনিয়া পার্কেই ৫৫ রানের হারে সুপার টুয়েলভের মসৃণ পথটা কঠিন করে ফেলেছে লঙ্কানরা। বাকি দুই ম্যাচে এখন জয়ের বিকল্প নেই তাদের।পরশুর অবিশ্বাস্য হার তাদের আত্মবিশ্বাসকে অনেকটাই নাড়িয়ে দিয়েছে। তাই আমিরাতকে নিয়েও সতর্ক তারা। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পেসার চামিকা করুনারত্নে বলেন, ‘হ্যা, আরব আমিরাত খুবই ভালো দল। গতকাল (পরশু) নামিবিয়া যেভাবে খেলেছে সেটা তো দেখেছেনই, তাই আরব আমিরাতের বিপক্ষে আমাদের ভালোভাবেই পরিকল্পনা সাজাতে হবে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে কাল (আজ)।’

আজও অঘটন ঘটলে হয়তো সুপার টুয়েলভে ওঠা হবে না লঙ্কানদের। কেননা বৃহস্পতিবার নেদারল্যান্ডস বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল।এশিয়া কাপেও বাজেভাবে হেরে আসর শুরু করেছিল তারা। কিন্তু এরপরই খোলনলচে বদলে যায় দলের খেলা। টি-২০ বিশ্বকাপেও কি একই চিত্রনাট্য লিখবে লঙ্কানরা। করুনারত্নের মুখে অবশ্য ভিন্ন কথা, ‘যে কোনো মূল্যেই আমাদের পরের দুই ম্যাচ জিততে হবে। অবশ্যই আমরা শতভাগের চেয়েও বেশি দিব। এশিয়া কাপে আমরা প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছি এবং পরে সবগুলো ম্যাচ জিতেছি। তবে আমরা এখন সেভাবে ভাবছি না কারণ এশিয়া কাপ গত হয়ে গেছে। এটা অতীত। এখন আমাদের বিশ্বকাপ নিয়ে ভাবতে হবে। এটা এশিয়া কাপ নয়—স্থান, কন্ডিশন, দেশ সবকিছুই এখানে ভিন্ন।’

শ্রীলঙ্কার সঙ্গে একবার খেলে জয়ের মুখ দেখেনি আরব আমিরাত। বিশ্বকাপে শুরুটাও তাদের হয়েছে হৃদয় ভেঙে। নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের হার ভুলে চমক দেখাতে চায় মরুর দেশটি। তেমনটাই বললেন হেড কোচ রবিন সিং, ‘আমরা জিততে পারি এটা ভেবেই খেলায় নামতে হবে আমাদের। শ্রীলঙ্কা টেস্ট খেলুড়ে দেশ বলে হাল ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। তারা আমাদের মতো একই নৌকায় আছে।’

এদিকে আজকের ম্যাচে মাঠে নামার আগে আরো একটা দুঃসংবাদ পেয়েছে লঙ্কানরা। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন দানুশকা গুনাথিলাকা। তার জায়গায় দলে এসেছেন চারিথ আসালাঙ্কা।

শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুশমন্থ চামিরা, প্রমোদ মাদুশান, মহেশ থিকসানা। 

সংযুক্ত আরব আমিরাত একাদশ : সিপি রিজওয়ান (অধিনায়ক), মুহাম্মদ ওয়াসিম, আরিয়ান লাকরা, ভৃত্য অরবিন্দ (উইকেটরক্ষক), চিরাগ সুরি, বাসিল হামিদ, কাশিফ দাউদ, আয়ান আফজাল খান, কার্ত্তিক মায়াপ্পান, জুনায়েদ সিদ্দিক, জহুর খান।

ইত্তেফাক/এসএস