না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন একুশে পদকপ্রাপ্ত নাট্যকার, অভিনেতা ও নির্মাতা মাসুম আজিজ। সোমবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তার মৃত্যুতে অভিনয়জগতে নেমে এসেছে শোকের ছায়া।
অভিনেতা চঞ্চল চৌধুরী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শেষ কবে দেখা হয়েছিল, কী কথা হয়েছিল আপনার সঙ্গে, কিছুই মনে করতে পারছি না। কত দেখা, কত কথা, কত স্মৃতি! আহারে জীবন!’
তিনি আরও লেখেন, ‘আমার অভিনয় জীবনের শুরু থেকে এখন পর্যন্ত আপনি ছিলেন কখনও ডিরেক্টর, কখনও সহশিল্পী, কখনও সতীর্থ, কখনও অগ্রজ, কখনও বন্ধুর মত। প্রবাসে বসে গতকালও আপনাকে নিয়েই আলোচনা। শেষ দেখাটা হলো না। আপনার আত্মার শান্তি হোক।
প্রয়াতের আত্মার শান্তি কামনা করে চঞ্চল লিখেছেন, মাসুম ভাই, পরপারে শান্তিতে থাকুন। অনেক শ্রদ্ধা আর ভালোবাসা আমাদের প্রানপ্রিয় নাট্যজন মাসুম আজিজ।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৮ অক্টোবর) কিংবদন্তি এই অভিনেতার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেওয়া হবে নিজ জেলা পাবনায়। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।
