‘ভারত জোড়ো যাত্রায়’ বেরিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে এই যাত্রা। সেখান থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত ৩,৫০০ কিলোমিটার রাস্তা হাঁটবেন রাহুল গান্ধী। কেরালা পেরিয়ে গত একমাসে আপাতত কর্নাটকে পৌঁছেছে সেই যাত্রা। গতকাল ছিল বিশ্রাম পর্ব। সেই বিরতির ফাঁকেই ‘ভারত জোড়ো যাত্রা’-র ক্যাম্পসাইট থেকে কংগ্রেসের সভাপতি নির্বাচনে ভোট দেন রাহুল গান্ধী ও তার সঙ্গীরা।
এদিকে দক্ষিণ ভারতের তিন রাজ্যে রোদ,ঝড়, জল, বৃষ্টি মাথায় নিয়েই দলের বার্তা পৌঁছে দিতে অবিরাম হেঁটে চলেছেন তিনি। এরই মধ্যে দেখা দিয়েছে হাঁটুর সমস্যা। কিন্তু তাকে পাত্তাই দেননি রাগা। রোদ বা বৃষ্টি থেকে বাঁচতে ছাতা হাতে নিতেও দেখা যায়নি তাঁকে। এমনকি পরতে দেখা যায়নি টুপিও।
এই পরিস্থিতিতে রাহুলকে প্রশ্ন করা হয়ে, আপনি কোন সানস্ক্রিন ব্যবহার করেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমার মা আমাকে এটি (সানস্ক্রিন) দিয়েছিলেন। কিন্তু আমি সেটা ব্যবহার করছি না।’ সোমবার কর্নাটকের স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন রাহুল। সেই সময় তাঁদের মধ্যে একজন প্রশ্ন করেন, ‘আপনি কোন সানস্ক্রিন ব্যবহার করেন?’ সেই প্রশ্নের জবাবেই রাহুল এই উত্তর দেন।
এদিকে নভেম্বর মাসে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’য় যোগ দেবেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের দলীয় সূত্রে জানায়, নভেম্বরের শেষের দিকে এই যাত্রায় যোগ দিতে মধ্যপ্রদেশে যাবেন প্রিয়াঙ্কা। মধ্যপ্রদেশে ‘ভারত জোড়ো’ যাত্রা চলবে ১৬ দিন। বাবা মহাকাল মন্দির দর্শন ও নর্মদায় স্নানও করবেন রাহুল গান্ধী।
