জি-২০ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি ইউক্রেনের

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৫:৩৬

শিল্পোন্নত ২০ দেশের জোট 'জি-২০' থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক টুইটারে এই দাবি করেন। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কিয়েভসহ বিভিন্ন শহরে নতুন করে রাশিয়ার ড্রোন হামলা শুরুর পর এ দাবি করেছেন মাইখাইলো। জি-২০ জোটের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো থেকেও রাশিয়াকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের পর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। রবিবার (১৬ অক্টোবর) রাতেও বন্দরনগরী মাইকোলাইভে একটি সূর্যমুখী তেলের টার্মিনালে ড্রোন হামলা চালানো হয়।

শহরের মেয়র ওলেক্সান্ডার সেনকেভিচ জানিয়েছেন, গভীর রাতে একটি টার্মিনালে থাকা সূর্যমুখী তেলের ট্যাংকে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। মোট তিনটি ড্রোন এই হামলা করে। এরফলে সূর্যমুখী তেলের ট্যাংকগুলোতে আগুন ধরে যায়।

আঞ্চলিক জরুরি পরিষেবা কর্তৃপক্ষের প্রকাশিত ছবিতে বিশাল ট্যাংক থেকে আগুনের শিখা ছড়িয়ে পড়তে দেখা যায়।

সোমবার (১৭ অক্টোবর) ইরানের তৈরি কামিকাজে ড্রোন নিয়ে কিয়েভে একাধিক হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় সময় সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত অন্তত চার দফায় এই হামলা চালানো হয়। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইত্তেফাক/এআই/ডিএস