এনআরএস কাণ্ডে উত্তাল দেশ। চিকিৎসকদের আন্দোলনের জেরে বিপন্ন চিকিৎসা ব্যবস্থা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বুদ্ধিজীবীরাও। ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋদ্ধি সেনের মতো ব্যক্তিত্বও। এবার চিকিৎসকদের ওপর আক্রমণের প্রতিবাদে মুখ খুললেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব ও পরিচালক রাজ চক্রবর্তী।
শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে দেব লিখেছেন, ‘যারা আমাদের প্রাণ বাঁচান তারা কেন বারবার মার খাবেন? তাদের সুরক্ষার দায়িত্ব আমাদের। আবার তারই সঙ্গে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ ডাক্তারবাবুদের দিকে তাকিয়ে, আপনারা পাশে না দাঁড়ালে তারা অসহায়। সবার শুভবুদ্ধি ফিরে আসুক, সমস্যার সমাধান চাই।’
আরও পড়ুন: ইসরাইলে ধর্মীয় প্রতিষ্ঠানে রকেট হামলা
প্রসঙ্গত, এর আগেই জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় সরব হয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেতা ঋদ্ধি সেন।

এদিকে শুক্রবার অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন এবং নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন এনআরএস-এ পৌঁছান। সেখানে গিয়ে জুনিয়ার ডাক্তারদের পাশে দাঁড়ান।
মুখ্যমন্ত্রীর কাছে অপর্ণা সেন আবেদন করেন, ‘ডাক্তারদের জীবন বিপন্ন। নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন। আমার অনুরোধ, আপনি এসে একবার কথা বলুন। আপনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে পাঠালেন, কিন্তু উনি তো পূর্ণমন্ত্রী নন। আপনি নিজে এসে একবার কথা বলুন, হাতজোড় করে অনুরোধ করছি। আপনি ওদের অভিভাবক, ওদের সমস্যাটা বোঝার চেষ্টা করুন। খুব ভালো ছাত্রছাত্রী না হলে, ডাক্তার হওয়া যায় না। ওরা যদি চলে যায়, তাহলে কি পশ্চিমবঙ্গের পক্ষে ভালো হবে?’
ইত্তেফাক/বিএএফ
