তিন দিনব্যাপী গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট অনুষ্ঠিত হবে আগামী ২০ থেকে ২২ অক্টোবর। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর লেকসোর হোটেলে এক সংবাদ সম্মেলনে সামিটের আয়োজক, গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সেন্টারের (জিওয়াইএলসি) প্রতিষ্ঠাতা ও সিইও ইজাজ আহমেদ বিষয়টি জানান।
ইজাজ আহমেদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন বর্তমানে সবচেয়ে বড় সংকট। গত ১৪ বছর ধরে বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণ প্রদানের পর আমি এখন জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের, বিশেষ করে দক্ষিণ মেরুর তরুণদের সংগঠিত করার জন্য একটি বৈশ্বিক সংস্থা চালু করছি। জলবায়ু পরিবর্তনের মতো একটি কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের বিশ্বব্যাপী ও বৃহৎ পরিসরে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জিওয়াইএলসির লক্ষ্য তরুণদের জলবায়ু বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা। এছাড়া ব্যক্তিগতভাবে ও যৌথ পদক্ষেপ নেওয়ার জন্য তরুণদের নেতৃত্বের দক্ষতা তৈরি এবং জলবায়ু অভিবাসনের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবসা চালু করতে সক্ষম করা।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা খুলনাকে জিওয়াইএলসি সম্মেলনের উদ্বোধনী স্থান হিসেবে বেছে নিয়েছি। কারণ খুলনা বাংলাদেশের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ একটি অঞ্চল। সম্মেলনে অংশগ্রহণকারী এই ১৫০ জন তরুণ উপকূলীয় এলাকার লাউডোভ-এ বনায়নে অংশ নেবেন। এর মাধ্যমে আমরা স্থানীয়ভাবে পরিচালিত জলবায়ু সহিষ্ণু বিভিন্ন কার্যক্রমের প্রচার এবং মানুষের পাশাপাশি জীব-বৈচিত্র্যের জন্য উপকূলীয় বনায়নের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করবো।’
জলবায়ু পরিবর্তন বিষয়ে পদক্ষেপ গ্রহণে যুবকদের ক্ষমতায়নের লক্ষে সামিটে অংশ নেওয়া ১০ জন প্রতিনিধিকে তাদের জলবায়ু সহিষ্ণুতা ও জলবায়ু অভিবাসন বিষয়ক প্রকল্প বাস্তবায়নের জন্য অনুদান প্রদান করা হবে বলে উল্লেখ করেন তিনি।
জিওয়াইএলসি চেয়ারম্যান নিল ওয়াকার বলেন, ‘তরুণরা শুধুমাত্র জলবায়ু পরিবর্তন বিষয়ে পদক্ষেপ নিতে দাবি জানায় না, তারা পথও দেখায়। নেতৃত্ব, উদ্ভাবন ও উদ্যোগী মনোভাব সাফল্যের পথ দেখায়। তবে আমাদের বিশ্বব্যাপী পদক্ষেপ দরকার। জিওয়াইএলসি সারাবিশ্বের তরুণদের আদর্শ, ধারণা এবং তাদের প্রতিভাকে ফলাফলে রূপান্তর করতে কাজ করবে।’
এছাড়া সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হোয়েগ হেনরিকসেন, বিওয়াইএলসি নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ, তরুণ জলবায়ু কর্মী সোহানুর রহমান ও তরুণ জলবায়ু কর্মী শাকিলা ইসলাম বক্তব্য রাখেন।
উল্লেখ্য, খুলনার আভা সেন্টারে অনুষ্ঠিতব্য এই হাইব্রিড সামিটে বিশ্বের ৭০টি দেশের ৬৫০ জন তরুণ অংশগ্রহণ করবেন। ১৮ থেকে ২৪ বছর বয়সী এসব তরুণদের ১৫০ জন সরাসরি ও ৫০০ জন ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।
এই সামিটে বক্তব্য রাখবেন-স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুক্তরাজ্য সরকারের সাবেক প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার ডেভিড কিং, অক্সফোর্ডের প্রাক্তন অধ্যাপক স্যার ক্রিস্টোফার বল, হার্ভার্ডের প্রাক্তন নেতৃত্ব অনুষদের শিক্ষক ড. ডিন উইলিয়ামস, আইসিসিএডি পরিচালক ড. সালেমুল হক, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।
