বিচারহীনতায় বাড়ছে গৃহশ্রমিক নির্যাতনের ঘটনা

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০১:৩১

গৃহশ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ‘গৃহশ্রমিকদের জন্য শোভন কাজ’ সংক্রান্ত আইএলও কনভেনশন-১৮৯ দ্রুত অনুসমর্থনের দাবি জানিয়েছেন ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে গৃহশ্রমিকদের ছাতা শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা এই দাবি জানান। বিশ্ব শোভন কাজ দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি গৃহকর্মে নিযুক্ত শ্রমিকদের ওপর নির্যাতন, হত্যা, ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। ইনস্টিটিউট অব লেবার স্টাডিস—বিলেসর সংবাদপত্রে প্রকাশিত জরিপের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অন্তত ১৬ জন গৃহশশ্রমিক হত্যা-নির্যাতনের শিকার হয়েছে।

বক্তারা বলেন, দেশব্যাপী গৃহশ্রমিকদের সুরক্ষায় প্রণীত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ বাস্তবায়ন না হওয়ায় দেশে একের পর এক গৃহশ্রমিকের মৃত্যু ও নির্যাতনের ঘটনা ঘটছে। বিচারহীনতার কারণে দোষীরা বারবার গৃহশ্রমিকদের ওপর নির্যাতনের সাহস পায়। যদি এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে সেই ভয়ে আর কেউ গৃহশ্রমিকদের ওপর নির্যাতনের সাহস দেখাবে না।

এ সময় বক্তারা আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন করাসহ সারা দেশে গৃহশ্রমিকদের নিরাপত্তা রক্ষায় ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ বাস্তবায়ন, শ্রম আইনে গৃহশ্রমিকদের অন্তর্ভুক্ত করা, গৃহশ্রমিকদের মামলায় সরকারিভাবে আইনি সহায়তা প্রদান, সব গৃহশ্রমিকের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, নির্যাতনে নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের ন্যায়সংগত ক্ষতিপূরণ প্রদান, আহত শ্রমিকদের চিকিৎসা ব্যয় নিয়োগকারীর বহন করা, নিহত শ্রমিক পরিবার ও আহত শ্রমিকদের স্থায়ী পুনর্বাসন এবং গৃহশ্রমিকদের নির্যাতন থেকে রক্ষা ও প্রকৃত অবস্থা যাচাই করতে নিবন্ধন ও পরিদর্শন কার্যক্রম চালু করার দাবি জানান।

গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইনের সভাপতিত্বে শোভাযাত্রা ও মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী আহসান হাবিব বুলবুল, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সদস্যসচিব ও বিলেসর পরিচালক নাজমা ইয়াসমীন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক শাহিদা পারভীন শিখা, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার প্রমুখ।

এছাড়া বিল্স ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কভুক্ত মানবাধিকার সংগঠন, জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও নাগরিক সমাজের নেতারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসকে