পদ্মা সেতুর কোল ঘেঁসে অবস্থিত শেখ রাসেল সেনানিবাসে অনুষ্ঠিত হলো "চ্যানেল আই এর ৬ষ্ঠ মিউজিক অ্যাওয়ার্ডস''। 'শেখ রাসেল দিবস' উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই। এ সময় মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিনটিকে আরো মহিমান্বিত করে তুলতে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভেন্যু হিসেবে শেখ রাসেল সেনানিবাসকে নির্বাচন করায় এবং শেখ রাসেল দিবসের আয়োজনকে আরো প্রাণবন্ত করতে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনের জন্য চ্যানেল আই’কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাবাহিনী প্রধান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির স্বপ্ন পূরণের অংশীদার হিসেবে সর্বদাই দেশের নিরাপত্তা ও উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ। এই কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি সেনাবাহিনী সর্বদা বাঙালি জাতির কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে।
অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ঊধ্বর্তন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানটি আগামী ২৮ অক্টোবর তারিখে চ্যানেল আই এ সম্প্রচারিত হবে।
প্রসঙ্গত, যথাযোগ্য মর্যাদায় আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) "শেখ রাসেল দিবস’ উদ্যাপন করে বাংলাদেশ সেনাবাহিনী। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপক কার্যক্রম গ্রহণ করে। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, ক্যাডেট কলেজ এবং অন্যান্য) আলোচনা সভা, খেলাধুলা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
