নিউইয়র্কে লালন উৎসব

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০০:১৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে লালন উৎসব। আগামী ৩০ অক্টোবর জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে ‘এমন মানব সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, গোত্র নাহি রবে’—শ্লোগানে এই  উৎসবটি উদ্বোধন করবেন লোকসংগীত ও লালন গানের কিংবদন্তী শিল্পী ফরিদা পারভীন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বংশীবাদক গাজী আব্দুল হাকিম। গত ১৭ অক্টোবর লালন ফকিরের ১৩২তম তিরোধান দিবসে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে উৎসবের ঘোষণা দেন কুষ্টিয়া লালন একাডেমির আজীবন সদস্য ও লালন পরিষদ ইউএসএ-এর আহ্বায়ক মো. আব্দুল হামিদ।

আয়োজকরা জানান, বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মানবধর্মের অনুসারী, আধ্যাত্মিক ব্যক্তিত্ব লালন ফকিরের দর্শন-চিন্তা সর্বত্র ছড়িয়ে দেয়াই উৎসবের লক্ষ্য। অনুষ্ঠানে গান, নাচ, সেমিনার, সিম্পোজিয়াম, থিয়েটার শো, চিত্রকলা, তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ভিন্ন আঙ্গিকে লালনকে উপস্থাপন করা হবে।

উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায় ও বিজ্ঞানী ড. নূরুন নবী, ডা. জিয়া উদ্দিন, সংগীতশিল্পী তাজুল ইমাম, সাংবাদিক হাসান ফেরদৌস, ডা. সারোয়ারুল হাসান চৌধুরী, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, কমিউনিটি বোর্ড সদস্য ডেমোক্র্যাট নেতা মোহাম্মদ এন. মজুমদার, নৃত্যশিল্পী অ্যানি ফেরদৌস, লায়ন ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব, শাহ জে. চৌধুরী, নাট্যব্যক্তিত্ব গার্গী মুখার্জি, গোলাম সারোয়ার হারুন ও নির্মাতা সুমন মুখোপাধ্যায়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাহিম রেজা নূর, উৎসবের প্রধান উপদেষ্টা নূরুল আমিন বাবু, নূরুল আজিম, আহ্বায়ক মো. আব্দুল হামিদ, সমন্বয়ক গোপাল স্যানাল, স্বীকৃতি বড়ুয়া, দিনেশ চন্দ্র মজুমদার, সুখেন গমেজ ও হাসানুজ্জামান সাকী, সংগীতশিল্পী শাহ মাহবুব ও ইসরাত জাহান।

ইত্তেফাক/এসকে