আগস্টে টটেনহ্যামের বিপক্ষে চোটে পড়ার পর থেকেই আর মাঠে নামা হয়নি চেলসির ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তের। শঙ্কাটা দেখা দিয়েছিলো তখন থেকেই। অবশেষে সত্যি হলো সেটিই। আসন্ন কাতার বিশ্বকাপেও ফ্রান্সের জার্সি গায়ে মাঠে নামা হবে না ২০১৮ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের।
হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরির কারণে বিশ্বকাপ খেলার স্বপ্ন বিসর্জন দিতে হচ্ছে গত বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড়কে।
গত ১৪ আগস্ট টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যাচে ইঞ্জুরিতে পড়েন চেলসির ৩১ বছর বয়সী মিডফিল্ড তারকা। সেই চোটের কারণেই অস্ত্রোপচার করাতে হয়েছে কান্তেকে। যার ফলে চার মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে ফ্রান্সের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম এই কারিগরকে।
চেলসির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে অস্ত্রোপচার করিয়েছেন কান্তে। ক্লাবের মেডিকেল বিভাগের সহায়তায় একজন বিশেষজ্ঞের কাছেও গিয়েছিলেন এই মিডফিল্ডার। পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই চোট সারাতে কান্তের অস্ত্রোপচারের ব্যাপারে সম্মত হয় সবাই। অস্ত্রোপচার সফলও হয়েছে। তবে পুনর্বাসনের জন্য প্রায় চার মাস মাঠের বাইরেই থাকতে হবে তাকে।
