টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই স্কটিশদের কাছে অঘটনের শিকার হয়ে সুপার টুয়েলভে যাওয়াটাই শঙ্কায় ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ।
হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে ক্যারিবিয়ানরা। বিশ্বকাপের প্রথম পর্বের বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৪২ রানে হেরে সুপার টুয়েলভে ওঠাই কঠিন হয়ে গেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
সুপার টুয়েলভের আশা বাঁচিয়ে রাখতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই নিকোলাস পুরানের দলের জন্য। অন্যদিকে, জিম্বাবুয়ে আজ মাঠে নামবে অনেকটা নির্ভার থেকেই। নিজেদের প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে ৩১ রানে জিতে সুপার টুয়েলভে যাওয়ার পথ অনেকটা সহজ করে রেখেছে জিম্বাবুয়ে।
ক্যারিবিয়াদের যেখানে আজ টিকে থাকার লড়াই, আর জিম্বাবুয়ে জিতলে সুপার টুয়েলভে এক পা দিয়েই রাখবে তারা। তবে জিম্বাবুয়ের আজকের ম্যাচে তাদের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনকে পাচ্ছে না। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব থাকবে রেজিস চাকাভার কাঁধে।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), কাইল মায়ার্স, জনসন চার্লস, এভিন লুইস, শামারাহ ব্রুকস, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, ওডেন স্মিথ, আলজারি জোসেফ, ওবেড ম্যাকয়।
জিম্বাবুয়ে একাদশ : রেজিস চাকাভা (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, টনি মুনুয়ঙ্গা, রায়ান বার্ল, লুক জঙ্গি, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।
