ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে এসেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) প্রধান মহসিন বাট। সেখানে তাকে অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন হতে হয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, কবে পাকিস্তান দাউদ ইব্রাহিম এবং লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সাইদকে ভারতের হাতে তুলে দেবে। এই প্রশ্ন শুনে বিব্রত মহসিনকে অন্য দিকে মুখ ঘুরিয়ে নিয়ে নিজের আসনে বসে পড়তে দেখা যায়।
একটি সংবাদ সংস্থা পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। নাগরিকদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
মুম্বাইয়ে বিস্ফোরণসহ একাধিক সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত লস্করের প্রধান হাফিজকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছে ভারত। একই ভাবে দাউদকেও ভারতে ফেরানোর জন্য কূটনৈতিক স্তরে পাকিস্তান সরকারকে চাপ দিয়েছে নয়া দিল্লি।
কিন্তু পাকিস্তানের গোপন আস্তানায় দাউদের থাকার তথ্যপ্রমাণ মিললেও, পাকিস্তান এই বিষয়টি বারবারই অস্বীকার করেছে।
