পাকিস্তানকে আটকাতে চায় নয়াদিল্লি: এফএটিএফ

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৩:৫০

সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা আটকানোর নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ধূসর তালিকা থেকে পাকিস্তানকে যাতে না সরানো হয়, সে জন্য চেষ্টা করছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরের ২০ তারিখ থেকে প্যারিসে এফএটিএফের বৈঠক শুরু হবে। কূটনৈতিক সূত্র অনুযায়ী, ২০১৮ থেকে এই আন্তর্জাতিক সংস্থার ধূসর তালিকায় থাকার পর এবার মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের।

এফএটিএফ যাতে এই সিদ্ধান্ত না নিতে পারে, সেজন্য শেষ চেষ্টা করবে ভারত। পাকিস্তানে সন্ত্রাসবাদীদের পরিকাঠামো এবং তার থেকে নিরন্তর আন্তঃ সীমান্ত সন্ত্রাস পাচার সংক্রান্ত প্রমাণ এফএটিএফ এ পেশ করবে নয়াদিল্লি।

মীনাক্ষী লেখি

এফএটিএফের আগের বৈঠকটি হয়েছিল চলতি বছরের জুন মাসে। তখন এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান সন্ত্রাসদমনে দুইটি কর্মসূচি সম্পূর্ণ রূপায়ণ করা হয়েছে। এর মধ্যে ৩৪টি বিষয় রয়েছে।

এরপর ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর এফএটিএফের ১৫ সদস্যের দল পাকিস্তানে সফর করে। তাদের রিপোর্টের ভিত্তিতেই প্যারিসের এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। রিপোর্ট পাকিস্তানের জন্য ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।

নির্মলা সীতারামন

এফএটিএফের বৈঠকের আগে ভারতের বর্তমান পররাষ্ট্র ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি জানান, বিশ্বে সন্ত্রাসবাদের মূল কেন্দ্র পাকিস্তান। এখনও তারা ভারতসহ বিভিন্ন জায়গায় সন্ত্রাস ছড়ানোর মূল উৎস।

সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমেরিকায় গিয়ে জি-২০ গোষ্ঠীভুক্ত রাষ্ট্রগুলোর অর্থমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। সেখানে সন্ত্রাসবাদে পুঁজি জোগানের বিষয়ে সরব হন নির্মলা। তিনি অবশ্য কোনো বিশেষ দেশের নাম সেখানে উল্লেখ করেননি।

ইত্তেফাক/এআই/ডিএস