আশা জাগিয়ে ফিরলেন হেটমায়ের, সাজঘরে হোল্ডারও

আপডেট : ১৪ জুন ২০১৯, ১৭:৪৮

মাত্র ৫৫ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সাজঘরে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে ধীরে ধীরে সামনে এগুতে থাকেন নিকোলাস পুরান ও শিমরন হেটমায়ের জুটি। চতুর্থ উইকেটে এ দু’জন ৮৯ রান করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছিলেন।

তবে শেষ পর্যন্ত দলীয় ১৪৪ রানে জো রুটের বলে তার হাতেই ক্যাচ তুলে দিয়ে ফিরেন হেটমায়ের। আউট হওয়ার আগে তিনি করেন ৩৯ রান। নতুনভাবে মাঠে আসা জেসন হোল্ডারও আউট হয়ে যান এর পরপরই। ৩২ ওভারের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৫ উইকেটে ১৫৬ রান।  

সাউদাম্পটনে শুক্রবার বিকেলে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। খেলা শুরুর পর তৃতীয় ওভারে দলীয় ৪ রানেই এভিন লুইস বোল্ড হয়ে যান। সেই ধাক্কা কাটাতে দ্বিতীয় উইকেটে ক্রিস গেইল ও শাই হোপ চেষ্টা করছিলেন। তবে বেশিদূর যেতে পারেননি। দলীয় ৫৪ রানে ক্রিস গেইল এবং এক রানের ব্যবধানে শাই হোপ আউট হয়ে যান। এর মধ্যে ক্রিস গেইল ৩৬ রান করেছেন। সেখান থেকে দলকে লড়াকু অবস্থানে নিয়ে আসা জুটি ভাঙল হেটমায়েরের আউটে। 

দু’দলই তিনটি করে ম্যাচ খেলেছে। দুই জয় ও একটি পরাজয়ে ইংল্যান্ডের পয়েন্ট ৪। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের একটি জয়, একটি পরাজয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

ইত্তেফাক/কেআই