চাঁদপুর শহরের নিউ ট্রাকরোড মস্তানবাড়ী এলাকায় জেলা প্রশাসন ও কোস্টগার্ড অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নকল পণ্য তৈরি কারখানার সন্ধান পেয়েছে। এ সময় বিপুল পরিমাণ নকল পণ্য, পলিথিনসহ বিভিন্ন মালামাল জব্দ ও একজনকে আটক করা হয়।
শুক্রবার দুপুর ১২টায় গোপনে সংবাদ পেয়ে কোস্টগার্ড ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই অভিযান পরিচালনা করেন।
কোস্টগার্ড সদস্যরা জানান, দীর্ঘদিন ওই মোস্তানবাড়ী সংলগ্ন মনসুর মোস্তানের বাড়িতে ভাড়াটিয়া জনৈক মোতালেব বিভিন্ন ব্র্যান্ডের চা পাতার প্যাকেট, গেঞ্জির লেবেল লাগিয়ে বাজারজাত করতেন। অভিযানকালে ওই বাসার একটি গোডাউন থেকে ৭৫ বস্তা চা পাতা, পলিথিন, দুই বস্তা সাদা গেঞ্জি জব্দ করা হয়। একই সময় ওই গোডাউন থেকে দুইটি ওজন মাপার যন্ত্র, একটি প্যাকেজিং মেশিন, মেয়াদ উত্তীর্ণের সিল মেশিন জব্দ করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে দুর্গা মন্দির ও প্রতিমা ভাঙচুর, আটক ৫
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, নকল পণ্য কারখানার মালিক মোতালেব অভিযান টের পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছে। ওই বাড়ির মালিকের বোন মাকছুদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/অনি
