রাবি শিক্ষার্থীর মৃত্যুতে রামেক হাসপাতাল ভাঙচুর, তদন্ত কমিটি গঠন

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৯:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান আবাসিক হলের তিন তলা থেকে পড়ে শাহরিয়ার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর পর শাহরিয়ারের সহপাঠীরা চিকিৎসায় অবহেলা ও কালক্ষেপণের অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করেছেন।

ডাক্তারের বরাত দিয়ে শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, রাবি ছাত্র উপদেষ্টা এম তারেক নূর। তিনি জানান, আহত শিক্ষার্থী রামেক হাসপাতালে মারা গেছেন। এর জন্য একটি অপমৃত্যু মামলা হবে।

জানা গেছে, নিহত শাহরিয়ার রাবির মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গ্রামের বাড়ি দিনাজপুরের বিরলে। তিনি হবিবুর রহমান হলের ৩৫৪ নম্বর কক্ষে থাকতেন।

এদিকে রামেক হাসপাতালে সময় মতো ডাক্তার না আসায় সেখানে ভাঙচুর করেছেন রাবি শিক্ষার্থী শাহরিয়ারের সহপাঠীরা। তাদের অভিযোগ, শাহরিয়ারকে নিয়ে যাওয়ার পৌনে এক ঘন্টা হয়ে গেলেও ডাক্তার আসেননি। চিকিৎসায় কালক্ষেপণ করেছেন চিকিৎসকরা বলে অভিযোগ তাদের।

রামেকে থাকা জাহাঙ্গীর নামের এক রাবি শিক্ষার্থী বলেন, শাহরিয়ার ভাইকে সোয়া ৮টার দিকে মেডিকেল নিয়ে যাওয়া হয়। কিন্তু রাত সোয়া ৯টা পর্যন্ত তার কোনো চিকিৎসা শুরু করা হয়নি। কোনো ডাক্তার নাই। একজন ইন্টার্নি ডাক্তার আছেন শুধু বলে দাবি করেন এই শিক্ষার্থী।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী এমজিএম শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসকদের অবহেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ইত্তেফাক/পিও