অস্ট্রেলিয়ার মাটিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য চার সেমি-ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বানী করেছেন ভারতের সাবেক কিংবদন্তী ক্রিকেটার শচীন টেনডুলকার।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপের চার সেমি-ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে শচীন বলেন, স্বাগতিক অস্ট্রেইয়ার সঙ্গে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড বিশ্বকাপের শেষ চারের টিকিট অর্জন করবে।
গোটা ক্রিকেট বিশ্ব এখন উৎসুক হয়ে অপেক্ষা করছে আগামী রোববার (২৩ অক্টোবর) বিশ্বকাপের ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের জন্য। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই আগুনে লড়াই অনুষ্ঠিত হনে ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
সেই ম্যাচ নিয়েও ভবিষ্যদ্বানী করেছেন ক্রিকেট ইশ্বর শচীন টেনডুলকার। তার মতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত বিশ্বকাপের ওই ম্যাচে বাবর আজমের পাকিস্তানকে পরাজিত করবে।
দ্য টেলিগ্রাফকে সাক্ষাৎকারে টেনডুলকার বলেন, পাকিস্তানকে হারানোর মতো প্রয়োজনীয় রসদ ভারতের আছে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যকার ম্যাচটি নিয়ে চরম উৎকন্ঠা বিরাজ করলেও শচীনের মতে ভারত সহজেই পাকিস্তানকে হারাবে।
তিনি বলেন, ‘আমার ফেভারিট ভারত। অবশ্যই তাই। ভারত হচ্ছে আমার হৃদয়। সব সময়ই ভারতের জয় কামনা করি। আমি ভারতীয় বলে এই কথা বলছি না। ওই কন্ডিশনে পারফর্ম করার মতো রসদ ভারতের আছে বলেই আমি মনে প্রাণে বিশ্বাস করি।’
বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ের ব্যাপারেও বেশ আশাবাদী শচীন বলেন, ‘ভারতের বেশ জোর সম্ভাবনা রয়েছে শিরোপা জয় করার। দলটি দারুন ভারসাম্যপূর্ণ।’
নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া ও দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া গেছে ভারতীয় দল। এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে।
এ পর্যন্ত একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ২০০৭ সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর ফাইনালে পাকিস্তানকে হারিয়েই শিরোপা জয় করেছিলো তারা।
এর আগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য চার সেমি-ফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বানী করেছিলেন সুলতান অব সুইং ওয়াসিম আকরাম। তার দৃষ্টিতে বিশ্বকাপের সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা।
