আর কখনো বন্ধুর কাছে পাওনা টাকা চাইবে না করিম

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৩:০২

কক্সবাজারের টেকনাফে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হয়েছেন। নিহত করিম উল্লাহ (২৫) সদর ইউনিয়ন বরইতলীর আব্দুস সালামের ছেলে।

বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ বরইতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় শফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে তার বন্ধু একই এলাকার নুর মোহাম্মদ (২৬) ছুরিকাঘাত করলে হাসপাতালে নেওয়ার পথে করিম উল্লাহর মৃত্যু হয়। করিম উল্লাহ নুর মোহাম্মদের কাছে টাকা পাইতো। পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে নুর মোহাম্মদ (২৬) করিম উল্লাহকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে সে গুরুতর আঘাত পায়। 

স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ছুরিকাঘাতে নিহত করিম উল্লাহর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/পিও