রাজনৈতিক কর্মসূচির নামে সারা দেশে বিএনপির সন্ত্রাস, জঙ্গিবাদ ও মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে খুলনা মহানগর যুবলীগ ও ছাত্রলীগ। শুক্রবার (২১ অক্টোবর) দুপুর ৩টায় এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে মহানগর যুবলীগ ও ছাত্রলীগের পৃথক বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ বলেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। সমাবেশে বিএনপির নেতারা যদি আওয়ামী লীগ বা দেশের সার্বিক উন্নয়ন নিয়ে কটূক্তি করেন, তাহলে পরবর্তী সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে।
অপরদিকে খুলনা মহানগর ছাত্রলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন। সভায় ঘোষণা করা হয়, রাজনৈতিক কর্মসুচীর নামে সারাদেশব্যাপী বিএনপির সন্ত্রাস, জঙ্গিবাদ ও মিথ্যাচারের প্রতিবাদে আজ শুক্রবার দুপুর ৩টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে।
আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। ওই দিন দুপুরে নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দুদিন আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে এই বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
