দলের সভাপতি পদে হেরে গিয়ে নির্বাচনে ভোট গণনা ভুলের অভিযোগ করেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। তবে সেই অভিযোগকে পাত্তা দেননি কংগ্রেসের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা মধুসূদন মিস্ত্রী। জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মধুসূদন মিস্ত্রী জানান, দলের গঠনতন্ত্র মেনেই ভোট হয়েছে। তাই ভোটের ফল নিয়ে অযথা বিতর্ক না করতে তিনি অনুরোধ করেন।
শশী থারুর নিজে অবশ্য ইতোমধ্যে ভোটের ফল মেনে নিয়ে নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। সামনেই হিমাচল প্রদেশের বিধানসভা। নতুন কংগ্রেস সভাপতি এখন সেই ভোটকেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন।
বুধবার (১৯ অক্টোবর) ভারতের অন্যতম পুরনো রাজনৈতিক দল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। এর মধ্য দিয়ে ২০ বছরের বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরের কেউ দলটির নেতৃত্বে পেলেন। প্রতিদ্বন্দ্বী শশী থারুরকে পরাজিত করে কংগ্রেস প্রধানের দায়িত্বভার নিয়েছেন খাড়গে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সকাল ১০টা থেকে শুরু হয় সভাপতি নির্বাচনের ভোট গণনা। দুপুরে দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ফল ঘোষণা করা হয়। মল্লিকার্জুন খাড়গে পেয়েছেন ৭ হাজার ৮৯৭ ভোট। প্রতিদ্বন্দ্বী শশী থারুরের পেয়েছেন ১ হাজার ৭২।
