সম্প্রতি ওমানে দক্ষিণ এশিয়া নিরাপত্তা সম্মেলন সংঘটিত হয়েছে। এই সম্মেলনে একই মঞ্চে মিলিত হয়েছেন ভারত ও পাকিস্তানের সাবেক ও বর্তমান কিছু অফিসার। দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচনা হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এই সম্মেলনে আরও কিছু দেশের উদ্বর্তন কর্মকর্তারা অংশগ্রহণ করেছিলেন। তবে, ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা আলাদা করে নিজেদের মধ্যে বসেনি বলে জানা গেছে।
সেপ্টেম্বরের ১৭ ও ১৮ তারিখে ওমানের মাস্কাটে এই সম্মেলন হয়। ভারতের তরফ থেকে আফগানিস্তান বিষয়ক যুগ্মসচিব জে পি সিংহ এ বৈঠকে ছিলেন। পাকিস্তানের পক্ষে ছিলেন আইএসআইয়ের কর্মকর্তা ব্রিগেডিয়ার জুলফিকার আলি ভাট্টি ও প্রাক্তন বিদেশ সচিব জালিল আব্বাস জিলানিসহ অনেকে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ অভাবের ফলে এই সম্মেলনের আয়োজন করা হয়। জম্মু ও কাশ্মীর, সন্ত্রাস বিরোধিতা, খলিস্তানিদের পাকিস্তানি সমর্থন, ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য স্বাভাবিক করার বিষয়গুলো ওই সম্মেলনে উঠে আসে।
