চিত্রশিল্পী সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৬:১৭

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী সুলতান উৎসবের দ্বিতীয় দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকালে সুলতান মঞ্চ চত্বরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। 

এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয় কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীরমুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, চিত্রশিল্পী বিমানেষ বিশ্বাস, এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফসহ অন্যান্যরা। 

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় শিশুরা। ছবি: ইত্তেফাক

শিশু থেকে দশম শ্রেণি পর্যন্ত চারটি বিভাগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫৩০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা। 

এদিকে, নড়াইলের জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে শনিবার বিকেলে (২২ অক্টোবর) নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী ‘এসএম সুলতান নৌকাবাইচ’ অনুষ্ঠিত হবে। এ নৌকা বাইচে দেশের বিভিন্ন জেলার ২০টি নৌকা অংশগ্রহণ করবে।

ইত্তেফাক/এএএম