শাকিব খানের পক্ষে গুলশান থানায় জিডি

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০০:৫৭

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বেশ কয়েকটি পেজ এবং ১৩টি ইউটিউব চ্যনেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের পক্ষ থেকে। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান রাজধানী ঢাকার গুলশান থানায় গতকাল বৃহস্পতিবার রাতে একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়ি নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান।

জিডিতে উল্লেখ করা হয়েছে, “পেশাগত ও ব্যক্তিগত ক্ষতির উদ্দেশ্যে শাকিব খানের বেশ কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করা হচ্ছে। গুটিকয়েক ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সংঘবদ্ধ কুচক্রি মহলের উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড এবং মানহানিকর কর্মতৎপরতা সুস্পষ্ট আইন লঙ্ঘন।”

জিডিতে আরও উল্লেখ করা হয়, “এসব ব্যঙ্গাত্মক পোস্ট ও ভিডিওর কারণে শাকিবের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। একইসঙ্গে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু মহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্ত অনুসারীরা নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।”

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান

গুলশান থাকার ওসি বিএম ফরমান আলী বলেন, “ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে নিয়ে মানহানিকর বক্তব্য ও তথ্য দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় জিডিটি করা হয়। জিডিতে যেসব লিংক দেওয়া হয়েছে, সেগুলো তদন্তের জন্য সাইবার অপরাধ বিভাগে পাঠানো হচ্ছে।”

জানা গেছে, জিডিতে যে ১৩টি ফেসবুক লিংক ও ইউটিউব প্ল্যাটফর্মের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে আছে ‘পূর্ণিয়ার খোঁজ’, ‘বড় ভাই’, ‘বদ বচন ২.০’, ‘আরজে নীরব’, ‘হাসান সাইদুল’, ‘০২০ চ্যানেল’, ‘দ্য ইয়াং ফেলো’, ‘এসকে মিডিয়া’, ‘শাবিজ গ্লাম রুম’, ‘স্বপন আহমেদ’, ‘দেশ বাংলা’, ‘ডিজিটাল বাংলাদেশ নিউজ-ডিবিএন’ ইত্যাদি।

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান বলেন, ‘বিভিন্ন ফেসবুক লিংক ও ইউটিউব প্ল্যাটফর্ম ব্যবহার করে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে একটা গ্রুপের অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের বিরুদ্ধে তাঁর ম্যানেজার মনিরুজ্জামান সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টা তো সাইবার অপরাধের আওতায় পড়ে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। পুরো বিষয়টি তদন্তাধীন।’

এর আগে জনপ্রিয় নায়ক শাকিব খান আভাস দিয়েছিলেন, ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার এবং মানহানির বক্তব্য যাঁরা দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। সপ্তাহখানেক আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্টও দিয়েছিলেন তিনি

ইত্তেফাক/এএইচপি