ক’দিন আগেই চিত্রনায়ক শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছিলেন, তার নামে যারা ভিত্তিহীন খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। এবার নিজের সেই হুশিয়ারিকে বাস্তবে রূপ দিলেন তিনি। পুলিশের দ্বারস্থ হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করলেন এই অভিনেতা।
গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান থানায় শাকিব খানের পক্ষে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান একটি জিডি করেছেন। গতকাল বিকেলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান তথ্যটি নিশ্চিত করেন।
জানা গেছে, এই জিডিতে ১৩টি ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করা হয়েছে।
জিডিতে এসকে ফিল্মসের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান পুলিশের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, ‘ফেসবুক ও ইউটিউবে সংঘবদ্ধ কুচক্রী মহলের বেআইনি এবং মানহানিকর কর্মতত্পরতার কারণে আমাদের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর চলচ্চিত্র পেশার ভবিষ্যত্ এবং সামাজিক অবস্থান হুমকির সম্মুখীন হয়ে পড়ছে।’
তিনি বলেন, উক্ত ব্যাঙ্গাত্মক পোস্ট ভিডিওগুলোর কারণে তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুমহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্তরা নানাভাবে আক্রান্ত হচ্ছেন। এসব বিষয়ে দেশের নানা জায়গায় কুচক্রী মহল ও তার ভক্তকুলের মধ্যে পারস্পরিক মারামারিসহ নানাবিধ জটিলতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। উপরিউক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে যেন মর্জি হয়।’
এর আগে গত ১৩ অক্টোবর ফেসবুকে শাকিব খান বলেছিলেন, ‘ভুয়া বিষয়গুলো ভিত্তি করে গত কয়েক দিন ধরে বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছে।’
মূলত চিত্রনায়িকা বুবলীর সঙ্গে শাকিবের বিয়ে ও সন্তান গ্রহণের বিষয়টি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। বিভিন্ন পেজ, গ্রুপ, আইডি ও ইউটিউব চ্যানেল থেকে শাকিবের নামে নানা ব্যাঙ্গাত্মক ও ভিত্তিহীন খবর ছড়ানো হয়। এ নিয়ে শাকিব ফেসবুকে হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু তাতেও ফল হয়নি বিধায় আইনের আশ্রয় নিয়েছেন।

আমার অভিনয় বিদ্যাও হ্রাস পেয়েছে: আসাদুজ্জামান নূর
তারকারা আর কত গোপন আর মিথ্যাচার করবেন?